1. admin@protidinervor.com : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

কাঠামোগত ও অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণে সেরা ট্রেইনার নির্বাচিত মো. ইলিয়াস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

রাজধানীর ভবন নিরাপত্তা ও নির্মাণ তদারকিতে দক্ষ মানবসম্পদ তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় রাজউকের জোন–৭/১-এর অথরাইজড অফিসার মো. ইলিয়াস ‘বেস্ট ট্রেইনার অব ট্রেইনার্স (বেস্ট টিওটি)’ অ্যাওয়ার্ড অর্জন করেছেন। কাঠামোগত নিরাপত্তা, অগ্নি নিরাপত্তা এবং নির্মাণ পরিদর্শন বিষয়ে তাঁর প্রশিক্ষণ কার্যক্রমকে অত্যন্ত কার্যকর ও বাস্তবমুখী হিসেবে মূল্যায়ন করা হয়।

রাজউক ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর যৌথ আয়োজনে পরিচালিত প্রশিক্ষণে মো. ইলিয়াস মোট ৩৯ ঘণ্টা ধরে অংশগ্রহণকারীদের হাতে-কলমে দিকনির্দেশনা দেন। প্রশিক্ষণে যুক্ত ৩৫ জন ট্রেইনার অব ট্রেইনার্সের মধ্যে তাঁর উপস্থাপনা কৌশল, বাস্তব অভিজ্ঞতা এবং বিষয়ভিত্তিক দক্ষতা অন্যদের থেকে আলাদা মাত্রা তৈরি করে।

গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন। এ সময় উন্নয়ন নিয়ন্ত্রণ সদস্য এরাদুল হক এবং পরিচালক মো. মনিরুল হক উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগরীতে দ্রুত নগরায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে উচ্চ ভবন ও জনঘনত্বপূর্ণ স্থাপনার সংখ্যা বাড়ছে। কিন্তু এর একটি বড় অংশ যথাযথভাবে ভূমিকম্প ও অগ্নি ঝুঁকি বিবেচনায় নির্মিত না হওয়ায় নগর নিরাপত্তা ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে। রানা প্লাজা, বাবুরাইল ভবনধস কিংবা এফ আর টাওয়ার ও চকবাজারের অগ্নিকাণ্ডের মতো ঘটনা নগর ব্যবস্থাপনায় তদারকি ও মান নিয়ন্ত্রণের ঘাটতি স্পষ্টভাবে তুলে ধরেছে।

এই প্রেক্ষাপটে জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন ‘ইমপ্রুভমেন্ট অব ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন কোয়ালিটি ফর রেজিলিয়েন্স অব প্রাইভেট বিল্ডিংস (ডিসিকিউআর)’ প্রকল্পকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। প্রকল্পটির মাধ্যমে রাজউক অনুমোদিত ব্যক্তিমালিকানাধীন ভবনের নকশা ও নির্মাণমান উন্নত করে সেগুলোকে দুর্যোগ-সহনশীল করে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ডিসিকিউআর প্রকল্পের আওতায় টিওজি ও টিওটি প্রশিক্ষণের মাধ্যমে রাজউকের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বাড়ানো হচ্ছে, যা ভবন নকশা অনুমোদন, নির্মাণ তদারকি ও পরিদর্শন ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলছে। একই সঙ্গে নিরাপদ ও সহনশীল ভবন নির্মাণে অংশীজনদের সচেতনতা বাড়ছে।

পরিকল্পিত নগরায়ন ও নিরাপদ অবকাঠামো গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণভিত্তিক উদ্যোগ রাজউকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও পেশাগত মান উন্নয়নের স্পষ্ট দৃষ্টান্ত। একটি নিরাপদ, টেকসই ও বাসযোগ্য ঢাকা গঠনে রাজউকের এই ধারাবাহিক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশাই নগরবাসীর।

নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগোরির আরো সংবাদ
© All rights reserved © 2025